
পৃথক তিন মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
গতকাল হাইকোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক তিন মামলায় হয়রানি ও গ্রেপ্তার না করা এবং জামিন বিষয়ে আবেদন করেন। আজ দুপুর ১২টার দিকে আদালতে আবেদনের ওপর শুনানি হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।
শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবীরা বলেন, এফআইআরের কলামে মির্জা ফখরুলের নাম নেই। ভেতরে নাম রয়েছে। তাঁর বাসায় তল্লাশি করা হয়েছে। তাঁকে হয়রানি ও গ্রেপ্তার করার আশঙ্কা রয়েছে। আদালত এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, হয়রানি বা গ্রেপ্তার করার সুযোগ নেই। একটি মামলার প্রসঙ্গ টেনে বলেন, অভিযোগপত্র প্রস্তুত হচ্ছে। এ অবস্থায় আগাম জামিনের কোনো সুযোগ নেই। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
গাড়ি পোড়ানোর পৃথক ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে গত ২৮ নভেম্বর শাহবাগ থানায় এবং ১ ডিসেম্বর ও ২৫ ডিসেম্বর রমনা থানায় মামলা হয়।