পৃথক তিন মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এ আদেশে মির্জা ফখরুল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তাঁকে উপস্থিত নেতা-কর্মীরা স্বাগত জানান। গ্রেপ্তার এড়াতে মির্জা ফখরুল টানা এক মাসের বেশি সময় আত্মগোপনে ছিলেন। হয়রানি ও গ্রেপ্তার না করার বিষয়ে গত বুধবার হাইকোর্টে তাঁর পক্ষে আবেদন করা হয়। আত্মগোপন অবস্থা থেকে গতকাল সকালে তিনি হাইকোর্টে হাজির হন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।