নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বেওয়ারিশ কুকুর নিধন না করায় দিনদিনই উপদ্রব বাড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার হাটবাজার ও রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুর দল বেঁধে ঘোরাফেরা করায় পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্কুলগামী ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় অনেকেই বেওয়ারিশ কুকুুরের কামড়ে আক্রান্ত হয়েছে। এ ছাড়া, গরু-ছাগলও কুকুরের হামলার শিকার হচ্ছে। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র ও ওষুধ ব্যবসায়ীরা জানান, প্রায় প্রতিদিনই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে বিভিন্ন এলাকা থেকে একাধিক রোগী প্রতিষেধক টিকা নিতে আসছে।