মৌলভীবাজারের হাকালুকি হাওরে প্রজনন মৌসুমে পোনা নিধন ঠেকাতে স্থানীয় দরিদ্র জেলেদের খাদ্যসহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, হাকালুকির একাংশ জেলার জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় পড়েছে। বছরের এপ্রিল, মে ও জুন মাস মাছের প্রজনন মৌসুম। গত বছরের (২০১২) ১৮ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন অধিশাখার উপসচিব বদরে মুনির ফেরদৌস হাকালুকি হাওরের জুড়ী উপজেলা অংশের কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাঁর কাছে পোনা নিধনের বিষয়টি তুলে ধরেন এবং নিধন ঠেকাতে প্রজনন মৌসুমে সরকারি উদ্যোগে দরিদ্র জেলেদের খাদ্যসহায়তা দেওয়া উচিত বলে মতামত দেন।