নরসিংদীর রায়পুরায় প্রতিবন্ধীদের নিয়ে গতকাল রোববার উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২৪টি ইউনিয়নের প্রায় দেড় হাজার শারীরিক, মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী অংশ নেয়। ইউএনও আবদুল মতিনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। মেলায় সার্বিক সহযোগিতা করে উপজেলা সমাজসেবা কার্যালয় ও অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইড চিলড্রেন (এবিসি)। মেলায় ৭৫টি হুইলচেয়ার ও ৪০০টি কম্বল বিতরণ, বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ ৪০ প্রতিবন্ধী শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে এককালীন বৃত্তি, ২৩০ প্রতিবন্ধীকে ঋণ, ১০ প্রতিবন্ধীকে মৌচাষে প্রশিক্ষণ ও মৌবাক্স বিতরণ ও ৩০ প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।