ঢাকার আশুলিয়ার আরিয়ারামোর এলাকায় গত রোববার রাতে সংঘর্ষের ঘটনায় ২৬১ জন গ্রামবাসীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছে র্যাব। আসামিদের মধ্যে ইসমাইল হোসেন নামের একজনের এক পা কাটা ও এক পা ভাঙা। দুই হাতও অনেকটা শক্তিহীন।
এদিকে মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তারের আতঙ্কে এলাকা অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে। গতকাল সোমবার আরিয়ারামোর এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়।
সংঘর্ষের ঘটনায় র্যাব-৪ ক্যাম্পের উপপরিচালক (ডিএডি) মতিউর রহমান গতকাল আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। ১১ জনের মধ্যে তিনজন নারী ও একজন শারীরিক প্রতিবন্ধী। এঁদের মধ্যে র্যাব সালমা আক্তার নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে। তিনি র্যাবের অভিযানে আহত হন।