দিনাজপুরের পার্বতীপুর খোলাহাটিতে শহীদ মাহবুব সেনানিবাস ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে গতকাল বুধবার বিকেল চারটায় হাত ফসকে দুটি গ্রেনেড বিস্ফোরণে আটজন সেনাসদস্যের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
আহতদের মধ্যে তিনজনকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং অন্যদের রংপুর সিএমএইচে ভর্তি করা হয়েছে৷ সেনাসূত্র বিষয়টি নিশ্চিত করেছে৷
তবে রংপুর সেনানিবাস ও শহীদ মাহবুব সেনানিবাসের বিশ্বস্ত সূত্র জানায়, রংপুর সেনানিবাসের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গতকাল শহীদ মাহবুব সেনানিবাসে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের জন্য আসেন৷ প্রশিক্ষণ চলাকালে বিকেল চারটার দিকে ওই দুর্ঘটনা ঘটে৷ আহতরা হলেন ওয়ারেন্ট কর্মকর্তা কেতাবুল ইসলাম, মোহাম্মদ আলী, করপোরাল আবদুল মান্নান, গোলাম রসুল, সার্জেন্ট ফজলুল হক, রওশন আলী, সৈনিক বিকাশ চন্দ্র রায়, আবদুর রহমান ও জহির৷ এঁরা সবাই রংপুর সেনানিবাসের ৩৪ ইস্টবেঙ্গল রেজিমেন্টে কর্মরত৷ এঁদের মধ্যে করপোরাল মোহাম্মদ আলীসহ তিনজনকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে৷
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ‘এটি একটি দুর্ঘটনা৷ এ কারণে সেনানিবাস কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি৷ অপরাধমূলক ঘটনা হলে তাঁরা জানাতেন৷’