ফরিদপুরে কিশোরী উদ্ধার, একজন গ্রেপ্তার

১২ বছর বয়সী এক কিশোরীকে ফরিদপুর শহরের রথখোলা এলাকার যৌনপল্লি থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার রাতে। এ সময় গ্রেপ্তার করা হয় সর্দারনী লিজাকে (৪০)।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ওই কিশোরীর মা ও বাবাকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে ওকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। থানার উপ-পরিদর্শক মো. হুমায়ূন বাদী হয়ে লিজার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। রথখোলা যৌনকর্মীদের সংগঠন জয় নারী কল্যাণ সংঘের আহ্বায়ক আনজু বেগম প্রথম আলোকে বলেন, ‘লিজা অপ্রাপ্ত তরুণীকে আটকে রেখেছে এ খবর জানতাম না। এর আগেও লিজার ঘর থেকে প্রশাসনের সহায়তায় অপ্রাপ্তবয়স্ক আরও চারজনকে উদ্ধার করে সেফ হোমে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আমরা আরও সতর্ক হব।’