আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং উপজেলার কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিন্নাহ সরদারের সঙ্গে কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কবির হোসেনের গত ইউপি নির্বাচনের পর থেকে দ্বন্দ্ব চলে আসছে। গত রোববার সকালে কবিরের কয়েক শ সমর্থক দেশি অস্ত্রে সজ্জিত হয়ে জিন্নাহর আট সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় জিন্নাহর সমর্থক লিয়াকত সরদার ৬২ জনকে আসামি করে মামলা করেন।