
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল সোমবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এ শ্রদ্ধা জানান।
জাদুঘরের কর্মকর্তারা জানান, জাদুঘরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে স্বাগত জানান শেখ মুজিবুর রহমানের নাতি এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক। এ সময় তিনি এ জাদুঘর সম্পর্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে অবহিত করেন। কিম প্রায় ৫০ মিনিট ধরে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
সাবেক শিক্ষাসচিব এবং জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।