রাজধানীর বনানী থেকে গতকাল রোববার প্রায় সাত কেজি স্বর্ণসহ (৬০টি বার) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গত শনিবার গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াফেরত এক যাত্রীর কাছ থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
বনানী থানার এসআই শফিউল আজম বলেন, বিমানবন্দর সড়ক ও বনানী ১১ নম্বর সড়কের সংযোগস্থলে ওই তিনজন রাস্তা পার হওয়ার সময় তিনি সন্দেহবশত তাঁদের প্রশ্ন করলে তাঁরা কাঁপতে থাকেন। পরে তাঁদের কাছ থেকে সাত কেজি স্বর্ণের বার পাওয়া যায়।