সুন্দরবনের বাঘসহ অন্যান্য বন্য প্রাণী রক্ষায় বিশ্বব্যাংক ২৫০ কোটি টাকা অনুদান দেবে। বাংলাদেশসহ চারটি দেশের জন্য বন্য প্রাণী রক্ষায় একটি আঞ্চলিক প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হবে। এ ছাড়া বিশ্বব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও কার্বনমুক্ত কৃষি উৎপাদনে সহযোগিতা দেওয়ার পরিকল্পনা করেছে। বিশ্বব্যাংক সূত্র এ তথ্য দিয়েছে।বাংলাদেশ সফরে আসা বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইংগার এন্ডারসেনের নেতৃত্বে সাত সদস্যর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। প্রতিনিধিদলটি দেশের একাধিক উপকূলীয় জেলা পরিদর্শন করে। দলটি কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।বন্য প্রাণী রক্ষায় ‘স্ট্রেন্দেনিং রিজওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান বন্য প্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক জ্ঞান ও দক্ষতা বিনিময় করবে। এই প্রকল্পের মাধ্যমে বন্য প্রাণীসংক্রান্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি, অবৈধ বন্য প্রাণীর ব্যবসা ও পাচার রোধ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিপদাপন্ন বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ করা হবে। এ প্রকল্পে বাংলাদেশ অংশের জন্য ব্যয় হবে ২৭১ কোটি টাকা, যার ২৫০ কোটি টাকা বিশ্বব্যাংক অনুদান দেবে। বাকি টাকা সরকার খরচ করবে।