
বড়শিতে আটকা পড়ে পাখি দুটি আছে শ্রীমঙ্গলে। খবর পেয়েই ঢাকা থেকে রওনা হই ছোট ছেলেকে নিয়ে। পাখিটির কাছে যেতেই ওটা ভয়ংকর পিলে কাঁপানো ডাক ছেড়ে আর শরীর-মাথার পালক ফুলিয়ে-দুলিয়ে রণমূর্তি ধারণ করে তেড়ে এল। মাথার মুকুট-পালকগুলো কী সুন্দর যে!
ভয়ংকর-সুন্দর ওই দৃশ্য ক্যামেরাবন্দী হলো। তারপর কৌশলে ধরে ওটার মাপজোখ-রং-ওজন রেকর্ড করা গেল। অবশ্য, বাঁ হাতের তালুতে বল্লম-ঠোঁট খেয়ে প্রচণ্ড ব্যথা পেলাম দুবার। এর দৈর্ঘ ২ ফুট ৪ ইঞ্চি। উচ্চতা একই। সবুজাভ-হলুদ ঠোঁট ৬ ইঞ্চি। হালকা-সবুজ পা নখ বাদে ১১ ইঞ্চি। ওজন ৯০২ গ্রাম।
পাখিটির নাম ‘বাঘাবক’। ইংরেজি নাম ইউরেসিয়ান বিটার্ন। বৈজ্ঞানিক নাম botaurus stellaris. ওজন হতে পারে প্রায় ২ কেজি পর্যন্ত। এরা নিশাচর। মূলখাদ্য মাছ-ব্যাঙ-কাঁকড়া। ওই পাখি দুটিকে পরে অবমুক্ত করা হয়।