বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার ওসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে সেলিম শেখ, টোকন শেখ ও শাহজাহান নামের তিনজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওসমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহুর আলী ও মানিক মণ্ডলের মধ্যে গড়াই নদের বালু উত্তোলন নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।