বিএনপির 'বিদ্রোহী' প্রার্থীর বৈঠকে হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মো. তসলিম তালুকদারের সমর্থকদের উঠান বৈঠকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
গত সোমবার রাতে উপজেলার চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত আটটার দিকে নাজমুল আহসান ওরফে জামিল মাস্টারের সভাপতিত্বে ওই উঠান বৈঠক চলছিল। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের ২০-২৫ জন কর্মী সেখানে হামলা চালিয়ে তসলিম তালুকদারের সমর্থকদের মারধর করেন এবং আসবাব ভাঙচুর করেন।
হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি না।’