প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় আনার লক্ষ্যে নেত্রকোনার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার গত মঙ্গলবার বিকেলে এসব ল্যাপটপ বিতরণ করেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রহিম। এ কে এম রিয়াজ উদ্দিন জানান, পর্যায়ক্রমে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হবে।