বিশ্বজুড়ে প্রথম আলো, বাংলাদেশের জয়

ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২–এ দুইটি বড় পুরস্কার পেয়েছে প্রথম আলো। এই আনন্দ উদ্‌যাপনে কর্মীদের সঙ্গে পুরস্কারের স্মারক হাতে সম্পাদক মতিউর রহমান । গতকাল প্রথম আলো কার্যালয়ে
 ছবি: দীপু মালাকার

আনন্দসংবাদটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা সত্যিই গর্বিত।

অতিসম্প্রতি কোনো বাংলাদেশি গণমাধ্যম হিসেবে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এ দুটি বড় পুরস্কার পেয়েছে প্রথম আলো। এই স্বীকৃতি অনেক সম্মানের। এই অর্জনের অংশীদার প্রথম আলোর পাঠকও। প্রিয় পাঠক, আপনাকে অভিনন্দন।

আপনারা জানেন যে প্রথম আলোর পত্রিকা সরাসরি পাঠ করেন ৫০ লাখ পাঠক। সারা দেশের আনাচকানাচে সর্বত্র আমাদের পাঠক আছেন। পাঠকেরাই আমাদের শক্তি।

প্রথম আলো ডটকম এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বাংলা ওয়েবসাইট। আমাদের ছাপা ও অনলাইন পত্রিকার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের কাছে সবশেষ সঠিক তথ্য উপস্থাপন করতে।

এখন আমরা বলি, প্রথম আলো ছাপা পত্রিকার পাশাপাশি ডিজিটাল ফার্স্ট। ডিজিটাল মাধ্যমে প্রথম আলো পড়া হবে সবার আগে। প্রথম আলো ডটকম, ই-পেপার, প্রথম আলোর মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব—ডিজিটাল মাধ্যমের সব কটিতেই প্রথম আলো ২৪ ঘণ্টা সক্রিয়।

এ ছাড়া প্রথম আলোর সহযোগী প্রকাশনা হিসেবে মাসিক কিশোর আলো, বিজ্ঞানচিন্তা ও চলতি ঘটনা, ত্রৈমাসিক প্রতিচিন্তা, নিয়মিত বর্ণিল ম্যাগাজিন, প্রথমা প্রকাশন এবং মিডিয়াস্টার লিমিটেড থেকে ভিডিও স্ট্রিমিং মাধ্যম ‘চরকি’ ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে তথ্য ও বিনোদনের নানামাত্রিক আলো পৌঁছে দিতে।

প্রথম আলো নতুনত্বে বিশ্বাসী। নতুনের মধ্যে আছে চ্যালেঞ্জ। একই সঙ্গে আছে সম্ভাবনাও। বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করার বিকল্প নেই। আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। বিশ্বের প্রথিতযশা গণমাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে নানা সময় আমাদের নানা উদ্যোগ সম্মানজনক স্বীকৃতি পাচ্ছে। যার ফলে পৃথিবীব্যাপী উচ্চারিত ও উজ্জ্বল হচ্ছে বাংলাদেশের নাম।

আমরা স্বপ্ন দেখি একটি সমৃদ্ধ বাংলাদেশের। আমাদের তরুণেরা নানামুখী চ্যালেঞ্জ জয় করে বিশ্বজুড়ে ওড়াচ্ছে লাল-সবুজ পতাকা। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা গণতান্ত্রিক, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক ও একটি মানবিক আধুনিক দেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই নানাবিধ কার্যক্রম পরিচালনা করছি। আপনারা আমাদের ওপর আস্থা রাখছেন। আমরা চেষ্টা করছি আপনাদের চাওয়া ও আকাঙ্ক্ষা পূরণের।

এই আস্থা আর বিশ্বাসকে সঙ্গী করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তাই আবারও বলি, প্রথম আলোর জয় মানে আপনাদের—পাঠকদের জয়। বাংলাদেশের জয়। আমরা বাংলাদেশের জয় দেখতে চাই।

পাঠক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একসঙ্গেই জয়ী হতে চাই আগামী দিনগুলোতেও।