এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফল করেছে। ঢাকা বোর্ডে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ প্রথম স্থান লাভ করেছে। পাশাপাশি ময়মনসিংহ শহরের আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এ বোর্ডের সেরাদের তালিকায় ১৪তম ও ১৯তম স্থান দখল করে নিয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ ও পাসের হারের ভিত্তিতে এ জেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফল করেছেন।ময়মনসিংহ বোর্ড সূত্রে জানা গেছে, শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এ বছর ঢাকা বোর্ডে ১৪তম স্থান অর্জন করেছে। এবার এ কলেজ থেকে ৯১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯০৪ জন। তাঁদের মধ্যে ২৮৩ জন জিপিএ-৫ পেয়েছেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মারুফী খান বলেন, ‘সম্মিলিত প্রয়াসে বোর্ডে আমরা ১৪তম হয়েছি। ভবিষ্যতে এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করব।’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ ঢাকা বোর্ডের সেরাদের তালিকায় ১৯তম স্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৪২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪২০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০০ জন।মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ৬৪৭ জন অংশ নিয়ে পাস করেছেন ৬০০ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৭ জন। আনন্দ মোহন কলেজ থেকে ৪১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৭৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২০ জন।