ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া সদরের পৈরতলা বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবহননেতা গোলাপ মিয়া ও সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোলাপ মিয়া ও সেলিম মিয়ার মধ্যে বিরোধ চলছে। গতকাল বেলা একটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা বাসস্ট্যান্ডের দুই প্রান্তে দুই পক্ষের লোকজন অবস্থান নেয়। তারা রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ২০-২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার টিএসআই বেলাল হোসেন গতকাল বিকেলে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।