সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার নগর কীর্তন, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল, মহাপ্রভুর ভোগ মহোৎসব, প্রসাদ বিতরণ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে পাঁচ দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সলঙ্গা উত্তরপাড়া সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলাকীর্তন শুরু হয়। অনুষ্ঠানে পঞ্চগড়, গোপালগঞ্জ, খুলনা ও স্থানীয়সহ ছয়টি কীর্তনিয়া দল নামসুধা পরিবেশন করে। শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলাকীর্তন পরিবেশন করেন ভারতের বশিরহাটের জগন্নাথ ঘোষ, নবদ্বীপের ফাল্গুনী দাসী, কৃষ্ণনগরের রাই রঞ্জনা দাসী প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি