মহেশখালী চ্যানেলে পাঁচ জেলে অপহূত

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের সোনাদিয়ার পশ্চিমে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জলদস্যুরা একটি মাছ ধরার নৌকাসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে। এ ছাড়া দস্যুরা লক্ষাধিক টাকার মাছ লুট করে।
মাছ ধরা নৌকাটির মালিক শামসুল আলম বলেন, ১২ জানুয়ারি ২৫ জন মাঝি ও জেলে নিয়ে এফবি রিফা নামের মাছ ধরার নৌকাটি সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকাটি উপকূলে ফেরার পথে সোনাদিয়ার পশ্চিমে জলচিরায় জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুরা জেলেদের মারধর করে লক্ষাধিক টাকার ইলিশ মাছ লুট করে। পরে মুক্তিপণের জন্য তারা ওই নৌকাসহ মাঝি নজরুল ইসলাম এবং জেলে আবদুল করিম, ফোরকান আহমদ, জাগির হোসেন ও মোক্তার আহমদকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি মহেশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।