মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনের রায় আজ

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

নেত্রকোনার আটপাড়া উপজেলার হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু ও সোহরাব ফকিরের বিরুদ্ধে করা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে আজ।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

উভয় পক্ষের শুনানি শেষে গত ৭ মার্চ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। এরপর গতকাল রায়ের জন্য দিন ধার্য করা হয়।

এটি হবে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৩৭তম মামলার রায়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস শুকুর খান।

তাপস কান্তি বল প্রথম আলোকে বলেন, ওই মামলায় তিন আসামির মধ্যে এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর দুই আসামির মধ্যে আঞ্জু পলাতক। কারাগারে থাকা সোহরাব ফকিরকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তাপস কান্তি বল জানান, এই দুই আসামির বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার মতো ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।