মাগুরা শহর থেকে গতকাল সোমবার সন্ধ্যায় নিজের অটো ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন জালাল মোল্লা (৫৫)। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা তিন চাকার যান মাহেন্দ্র তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত জালাল মোল্লা রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহেন্দ্র চাপা দিলে ভ্যানসহ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক জালাল। এ সময় তাঁর ভ্যানে কোনো আরোহী ছিল না। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। জালাল মোল্লা মাগুরা সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, গুরুতর আহত জালাল মোল্লাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি জানান, ঝিনাইদহের দিক দিয়ে আসা মাহেন্দ্রটিকে আটক করা যায়নি। কারও বিরুদ্ধে অভিযোগ নেই—এই মর্মে লিখিত আবেদন দিয়ে রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন স্বজনেরা।
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে জালাল মোল্লা যেখানে দুর্ঘটনার কবলে পড়েন, সেটি সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এলাকাবাসী জানান, বিপজ্জনক একটি বাঁক থাকায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।