নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মুদি দোকানে ঢুকে পড়লে গাড়ির কমপক্ষে ১০ যাত্রী আহত হন। বুধবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ দুর্ঘটনায় ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী রূপসী পরিবহনের নাইট কোচের (ঢাকা মেট্রো ব ১১-০৬২৭) সঙ্গে একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬-১৫০৪) ধাক্কা লাগলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মুদি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে মুদি দোকানটি ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।