চট্টগ্রামের আনোয়ারায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের আবদুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, সোমবার রাত আড়াইটার সময় পূর্ব বরৈয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সালামের বাড়ির আবদুল খালেকের ঘরের দরজা ভেঙে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় তারা ঘুমিয়ে থাকা আবদুল খালেকের ছেলে তারেক আজিজকে (২১) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে আহত তারেককে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।