বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
গতকাল এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে ওই ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আদালত আগামী ২৩ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
রফিকুল ইসলাম মিয়া ছাড়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিবুন নবী খান, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী, সুলতান সালাউদ্দিন, যুবদলের নেতা মামুন হাসান, সাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের মো. ইয়াসিন আলী।
চলতি বছরের ২৪ মার্চ মিরপুর থানার পুলিশ তদন্ত শেষে রফিকুল ইসলাম মিয়াসহ ৩২ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়।