রাজধানীতে 'বন্দুকযুদ্ধের' ঘটনায় ২ মামলা

রাজধানীর কদমতলী থানা এলাকার আলমবাগে গত সোমবার সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার র‌্যাব-১০-এর সুবেদার আ. হাকিম সরকার বাদী হয়ে কদমতলী থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি করেছেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবু আজিজ মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুটি পিস্তল ও নয়টি গুলিও থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আলমবাগের মসজিদ রোড এলাকায় এক বাড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ওয়াসিম ও সংগ্রাম। র‌্যাব জানায়, বিভিন্ন স্থান থেকে চারজনকে ওই বাড়িতে আটকে রেখে নির্যাতন করছিলেন ওয়াসিম ও তাঁর সহযোগী সংগ্রামসহ কয়েকজন। র‌্যাব খবর পেয়ে সেখানে অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় অপহরণকারীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালালে ওয়াসিম ও সংগ্রাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকিরা পালিয়ে যায়। ওই বাড়ি থেকে আকতার, জনি, রানা ও জাহাঙ্গীর নামের অপহরণের শিকার চারজনকে উদ্ধার করা হয় বলে দাবি করে র‌্যাব।