লক্ষ্মীপুরের রায়পুর পৌরশহরের গোহাটায় বিএনপি নেতার গুদাম থেকে গত শুক্রবার রাতে পুলিশ ৩৫টি ত্রাণের টিন উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা ও নাছির উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলমের বাড়ির সামনের গুদামে এলাকাবাসী ত্রাণের টিন দেখতে পায়। এ সময় তারা গুদাম ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিনগুলো আটক করে থানায় নিয়ে আসে। রায়পুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার জানান, এ ব্যাপারে দায়ের করা মামলায় বিএনপি নেতা নাজমুল আলমসহ দুজনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে নাজমুল আলম বলেন, ‘টিনগুলো আমাদের বাড়ির মক্তবের জন্য সরকার আগে বরাদ্দ দিয়েছে। মক্তবের নির্মাণকাজ না ধরায় টিনগুলো ওই স্থানে রাখা হয়।’