
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে শহর এলাকায় পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে কমিটি পশুর হাটে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা বলেছে।
বুধবার রাতে পরামর্শক কমিটির সভায় এই সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত জায়গায় কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দেওয়া যেতে পারে। তবে সেটা হতে হবে শহর এলাকার বাইরে। হাটে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ রাখতে হবে।
জনসাধারণকে অনলাইনে কোরবানির পশু কিনতে উৎসাহিত করেছে জাতীয় পরামর্শক কমিটি। এ ছাড়া ৫০ বছর বা তার চেয়েও বেশি বয়সের কাউকে কিংবা আগে থেকে কোনো রোগে আক্রান্ত ব্যক্তিদের কোরবানির পশুর হাটে না যেতে পরামর্শ দিয়েছে কমিটি।
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে না গিয়ে, যে যেখানে আছেন সেখানেই অবস্থান করার বিষয়ে উৎসাহিত করার পরামর্শ দিয়েছে কমিটি। এ ছাড়া বাড়ির আঙিনায় কোরবানি না করে সরকার নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার আহ্বান কমিটির।