শীতার্ত মানুষের জন্য কম্বল কিনে বিতরণ করতে ৪৮১টি উপজেলায় দুই কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে কম্বল কিনে গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে যে ৩৫ হাজার কম্বল দেওয়া হয়েছে, সেগুলো বিতরণ করা হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার এ বছর নভেম্বর মাসেই দেশের বিভিন্ন জেলায় কম্বল বিতরণ শুরু করেছে। প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে এক লাখ ৩৯ হাজার ৫০০টি কম্বল। এ বছর শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য সরকারের বরাদ্দের পরিমাণ আট কোটি টাকা। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক গতকাল শুক্রবার হাজারীবাগের বৌবাজারে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।