জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেছেন, আগামী মাসে চট্টগ্রামে কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের একটি বেঞ্চ এবং পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেটের কার্যালয় চালু হচ্ছে। একই সময়ে কাস্টম হাউসের আমদানি ও রপ্তানি—এ দুই বিভাগকে একীভূত করা হবে। শুল্কায়ন-প্রক্রিয়া আরও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনকক্ষে এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন এবং খালাস পদ্ধতি সহজীকরণবিষয়ক এ সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য (শুল্ক) হুসেইন আহমেদ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক প্রকাশ দেওয়ান।