মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে গতকাল শনিবার দুপুরে হুমায়ুন আজাদ কমপ্লেক্স উদ্বোধন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
একই সঙ্গে হুমায়ুন আজাদের ৬৮তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে দুই দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়।
হুমায়ুন আজাদের অনুজ এবং হুমায়ুন আজাদ ফাউন্ডেশনের সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব মো. সাজ্জাদ কবিরের সভাপতিত্বে এক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌসচিব শফিক আলম মেহেদী, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, কবি জাহাঙ্গীর হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শামসুদ্দিন ও রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ।
উপস্থিত ছিলেন হুমায়ুন আজাদপত্নী লতিফা কোহিনুর, পুত্র অনন্য আজাদ, যুগ্ম সচিব এম এম তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা পারভীন, এএসপি মো. সামসুজ্জামান ও সাংবাদিক মীর নাসিরউদ্দিন।
এর আগে সকালে হুমায়ুন আজাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে হুমায়ুন আজাদকে নিয়ে লেখা মো. সাজ্জাদ কবিরের রক্তের জলপ্রপাত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।