দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। তা ছাড়া ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আজিজুল হক শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক আবদুল হাকিম শ্রেষ্ঠ শিক্ষক ও দশম শ্রেণির ছাত্রী তাহিয়াতুন নুর শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, বোর্ড পরীক্ষার ফলাফল, প্রতিষ্ঠান পরিচালনাসহ মাল্টিমিডিয়া ক্লাসের মান যাচাই করে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচিত করা হয়েছে।
৫ অক্টোবর সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ তাঁর কার্যালয়ে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ ও চেক তুলে দেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ উপস্থিত ছিলেন।