কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সাপের কামড়ে রাসেল (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। শাপলা চত্বর এলাকার আবদুল খালেকের ছেলে রাসেল রান্নার জন্য খড়ি রাখার ঘর থেকে খড়ি আনতে গেলে সেখানে সাপ তাকে কামড় দেয়। শিশুটি দৌড়ে গিয়ে তার মা-বাবাকে বললে তাঁরা স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করেন। পরে একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়ে। এলাকাবাসী তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।