সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জন্য জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রাত পৌনে ১১টায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় এ নির্দেশের তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গণমাধ্যমে অক্সিজেন-স্বল্পতার খবর দেখে আটকে পড়া ব্যক্তিদের জীবন রক্ষার স্বার্থে আদালত এ নির্দেশ দিয়েছেন। নির্দেশে বাংলাদেশ অক্সিজেনের মহাব্যবস্থাপক (এমডি), শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও পুলিশের মহাপরিদর্শককে (আইজি) নির্দেশের পরবর্তী মুহূর্ত থেকে প্রয়োজনীয় অক্সিজেন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি সরবরাহের পদক্ষেপ নিতে বলা হয়েছে।