সিলেট অঞ্চলে নতুন গ্যাস-সংযোগ বন্ধ রাখার আদেশকে ‘বায়বীয়’ বলে অভিহিত করেছে ‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’।
গত শনিবার রাতে নগরের আম্বরখানায় আন্দোলনের সঙ্গে জড়িত নেতারা জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বক্তারা নতুন গ্যাস-সংযোগ মৌখিক আদেশে বন্ধ থাকার বিষয়টি ‘বায়বীয়’ উল্লেখ করেন।
গ্যাসের নতুন সংযোগ বন্ধের পেছনের কারণ সম্পর্কে নেতারা বলেন, লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেটের প্রভাবে বায়বীয় এ সিদ্ধান্ত হয়েছে। এতে শুধু জনভোগান্তি নয়, সরকারও রাজস্ব খাত থেকে কোটি কোটি টাকা বঞ্চিত হচ্ছে। তাঁরা জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে নতুন গ্যাস-সংযোগ চালু করতে হবে, নয়তো গণবিস্ফোরণ হবে।
সিলেটে জালালাবাদ গ্যাসের আবাসিক সংযোগ দপ্তর সূত্র জানায়, ২০১৩ সালের ৩ জানুয়ারি এক আদেশের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জালালাবাদ গ্যাসের অধীন এলাকা ছাড়া অনুমোদন সাপেক্ষে গ্যাসের নতুন সংযোগ দেওয়ার নির্দেশনা জারি করা হয়। এরপর সারা দেশে গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও সিলেটে চালু ছিল। কিন্তু গত বছরের ৮ জুলাই আরেকটি নির্দেশনায় জালালাবাদ গ্যাসকে একইভাবে সারা দেশের সঙ্গে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত কমিটির অনুমোদন নেওয়ার অফিস আদেশ জারি হয়। এরপর ৩ নভেম্বর থেকে সিলেটে নতুন সংযোগ বন্ধ রাখা হয়েছে।
এ অবস্থায় ২২ ডিসেম্বর সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিংহকে আহ্বায়ক করে ‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’ গঠন করা হয়। সিলেটের প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাদের ওই কমিটির সদস্য হিসেবে রাখা হয়। ৬ জানুয়ারি তাদের প্রথম সভায় ১০ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আন্দোলনের পক্ষে ১০ দিনের টানা গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে মতবিনিময় সভা করা হলো।
প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক ধীরেন সিংহের সভাপতিত্বে সভায় জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে চঞ্চলেন্দু দাস, মো. দিলোয়ার হোসেন সিদ্দিকী, আমিনুর রহমান ও জাহিদুল ইসলাম বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. আরশ আলী, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, জেলা বাসদের জুবায়ের আহমদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ ও সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী।
মেট্রোপলিটন চেম্বারের একাত্মতা: গ্যাসের নতুন সংযোগ বন্ধের প্রতিবাদে প্রতিরোধ আন্দোলনের চলমান কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল বিকেলে প্রতিরোধ আন্দোলনের নেতাদের সঙ্গে মেট্রোপলিটন চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ একাত্মতা প্রকাশ করা হয়।
মেট্রোপলিটন চেম্বারের প্রথম সহসভাপতি হাসিন আহমেদের সভাপতিত্বে সভায় মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি আফজাল রশিদ চৌধুরী, পরিচালক খলিলুর রহমান, মুহিতুল বারী রহমান, হুবায়রা ইফতার হোসেন, সদস্য মো. মুনতাসির আলী ও আকতার হোসেন বক্তব্য দেন।