
সিলেটে লকডাউনের দ্বিতীয় দিন গতকাল রোববার বিধিনিষেধ না মানায় ৯৬ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ওই ব্যক্তিদের কাছ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে।
গতকাল রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ ও গণমাধ্যম শাখা) মো. মেজবাহ উদ্দিন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সিলেট নগর ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩৩টি দল লকডাউন নিশ্চিতে মাঠে নামে। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। অভিযানে সামাজিক দূরত্ব মেনে না চলা এবং সরকারি নির্দেশনা অমান্য করায় ৯৬ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় দণ্ডিতদের কাছ থেকে ১ লাখ ২২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দণ্ডিত ব্যক্তিদের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলা এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হতে সতর্ক করা হয়। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ ও গণমাধ্যম শাখা) মো. মেজবাহ উদ্দিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।