স্থানীয় সরকারের নিজস্ব আয় বাড়ানোর তাগিদ

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় সরকারের নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, এলাকার উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরতা কমাতে হবে। এতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণও কমে আসবে।
পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট’ শীর্ষক আলোচনা সভায় গতকাল রোববার অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের বেতনকাঠামো অযৌক্তিক। বর্তমান বেতনকাঠামোর বৈষম্য দূর করার বিষয়টি সরকার বিবেচনায় নেবে। তিনি আরও বলেন, উন্নয়ন মানে রাজধানী—এই ধারণা থেকে বেরিয়ে এসে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সে জন্য স্থানীয় আয়ের উৎস বাড়াতে হবে।
বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমীরুল ইসলাম চৌধুরী জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের কাছে চাওয়া যাবে না। সরকারের কাছ থেকে সুবিধা নেওয়া হলে প্রতিষ্ঠানগুলোকে আজীবন সরকারের এজেন্সি হয়ে থাকতে হবে। সেটা না করে বরং করের আওতা বাড়িয়ে সেবার মান বাড়াতে হবে।
সাংবাদিক আবু সাঈদ খান বলেন, সরকারের বাজেট আমলারা তৈরি করে থাকেন। এতে মানুষের চাওয়া-পাওয়ার কোনো প্রতিফলন থাকে না। তৃণমূল মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হলে স্থানীয় সরকারগুলো শক্তিশালী হবে।
ম্যাবের সাবেক সভাপতি আজমত উল্লাহ খান বলেন, পৌরসভার বাজেট প্রণয়নে স্বাধীনতা নেই। স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিয়ে নিজেদের মতো বাজেট প্রণয়ন করা হলে পরে নিরীক্ষা আপত্তির মুখোমুখি হতে হয়।
ম্যাবের মহাসচিব শামিম আল রাজি বলেন, সরকার রাজনৈতিক বিবেচনায় পৌরসভা গঠন করেছে। অনেক পৌরসভা আছে, যেখানে স্থানীয় আয়ের উৎস নেই বললেই চলে। এসব পৌরসভায় সরকারের বরাদ্দ ছাড়া উন্নয়ন কর্মকাণ্ড চালানো কঠিন।
ম্যাবের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিসের (বিআইআইএসএস) গবেষক মাহফুজ কবির। আলোচনায় জনপ্রতিনিধিরা তাঁদের বেতন-ভাতা বাড়ানোর দাবি করেন।