আবহাওয়া অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক সরকারকে হত্যার দায়ে তাঁর স্ত্রীসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন ইয়াসমিন ফেরদৌস ও তাঁর কথিত প্রেমিক সাইফুল ইসলাম। তবে দুজনই পলাতক।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ঢাকার মোহাম্মদপুর এলাকায় ২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে আবদুর রাজ্জাককে হত্যা করা হয়। ঘটনার দিন আসামি ইয়াসমিন ও সাইফুল মিলে রাজ্জাককে চায়ের সঙ্গে নেশাজাতীয় বা ঘুমের ওষুধ মিশিয়ে দেন। গভীর রাতে তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুর রাজ্জাকের দুই নাবালক মেয়ে আদালতে সাক্ষ্য দেয়। এ ছাড়া হত্যার দায় স্বীকার করে ইয়াসমিনও জবানবন্দি দিয়েছিলেন।