‘হুকনা খাওয়ার গলার নিচে নামে না’

সিলেট কিশোরী মোহন সরকারি প্রথামিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পানি বন্দি মানুষ
ছবি: প্রথম আলো

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে হঠাৎ বন্যায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। তাঁদের খেতে দেওয়া হচ্ছে শুকনা খাবার। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের একটাই ভাবনা, বন্যা পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, কবে ফিরতে পারবেন বাড়ি। যদিও পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে না। সুরমা নদীর অধিকাংশ পয়েন্ট বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ষাটোর্ধ্ব রেজিয়া বেগম। একই আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাঁর ছেলে কবির হোসেন (৩৫) ও নাতি ফারহান হোসেন। বন্যা পরিস্থিতি তুলে ধরে রেজিয়া আরও বলেন, ‘একটু একটু করি পানি বাড়ছিল। মঙ্গলবার সকালে আর ঘরে থাকা যায়নি। কাঁথা-কম্বল নিয়া বাইরে আইতে ওইছে। আশ্রয় নিছি স্কুলে। ইখানে গত মঙ্গলবার রাইত চিড়া আর গুড় দিছে। হুকনা খাওয়ার (শুকনা খাবার) গলা দিয়া নামে না। চিড়া ভিজাইয়া গুড় দিয়া মাখিয়া খাইছি।’

রেজিয়ারা থাকেন নগরের যতরপুর এলাকার নুরুল হকের কলোনিতে। সোমবার রাত থেকে পানি বাড়তে থাকে। মঙ্গলবার সকালে সেটি প্রায় বুকপানিতে পৌঁছায়। তিনি বলেন, ‘ঘরের আসবাবসহ সবকিছু খাটের উপর তুলে রেখে এসেছি। ছেলে কবির হোসেন আজ সকালে ঘরে গেছে অবস্থা দেখতে। আশ্রয়কেন্দ্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। খাওয়ার পানির জন্য সিটি করপোরেশনের একটি গাড়ি রয়েছে স্কুলের সামনে। এ ছাড়া স্কুলের শৌচাগার রয়েছে। বিদ্যুৎ–ফ্যান সবই রয়েছে। তবে খাওয়ার সমস্যা আছে। আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার দিলেও রান্না করার কোনো ব্যবস্থা কিংবা রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থা নেই। এ ছাড়া বৃষ্টিতে ভিজে শরীরে জ্বর এসেছে। ওষুধের ব্যবস্থা করলে ভালো হতো।’

আশ্রয়কেন্দ্রটি সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায়। ওই এলাকার মীরাবাজার, যতরপুর এলাকার বাসিন্দারা থাকছেন ওই কেন্দ্রে। পাঁচতলার এ ভবনটিতে ৪২টি পরিবারের ১৭৫ জন বাসিন্দা আশ্রয় নিয়েছেন। ওয়ার্ড কাউন্সিলরের সচিব সুজন অলমিক বলেন, মঙ্গলবার সকাল থেকে আশ্রয়কেন্দ্রে এলাকার পানিবন্দী বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন। মঙ্গলবার রাতে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থা করা হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৩টি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেগুলোতে বাসিন্দাদের আশ্রয় নিতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অবহিত করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বুধবার থেকে রান্না করা খাবার সরবরাহ এবং ওষুধ সরবরাহ করা হবে। এ ছাড়া খাওয়ার পানির জন্য সিটি করপোরেশনের পানিবাহী গাড়ি রাখা হয়েছে।

আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া যতরপুর এলাকার তারেক মিয়ার কলোনির বাসিন্দা আবুল হাশেম বলেন, ঘরে বুকসমান পানি। এ জন্য স্ত্রী-সন্তানদের নিয়ে সোমবার রাতে রাস্তায় অবস্থান করেছেন। পরে মঙ্গলবার সকালে স্কুলে আশ্রয় নিতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্কুলে রয়েছেন। স্কুলের একটি কক্ষে তিনটি পরিবারের ১৫ জন অবস্থান করছেন।

আবদুল লোকমান (৮০) নামের আরেক বাসিন্দা তাঁর স্ত্রী রহিমা খাতুনসহ (৭০) কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ তলার একটি কক্ষে আশ্রয় নিয়েছেন। লোকমান বলেন, ‘আমার তিন ছেলে ও এক মেয়ে। কেউই আমার সঙ্গে থাকেন না। কলোনিতে কোনোরকমে দিন কাটাচ্ছিলাম। এখন ঘরে বুকসমান পানি, এ জন্য স্ত্রীকে নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছি। এখানে যা দেওয়া হচ্ছে, সেগুলো খেয়েই দিন কাটাচ্ছি।’

কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সারিকা পারভীন বলেন, বিদ্যালয়ে বালক ও বালিকা মিলিয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। এ জন্য আলাদা দুটি ভবন রয়েছে। এলাকার মানুষ পানিবন্দী হওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে চাওয়ায় সেটি দেওয়া হয়েছে। এখন পানিবন্দী হওয়ায় শিক্ষার্থীও কম। এ জন্য পাঠদানে তেমন সমস্যা হচ্ছে না। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।