
রাজধানীতে হেরোইন উদ্ধারের মামলায় সোহেল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক শেখ গোলাম মাহবুব এই রায় দেন।
রায়ে বলা হয়, ৮০ গ্রাম হেরোইন রাখার দায়ে সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা করা হয়েছে।
ওই মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুন রাজধানীর কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনে সোহেলের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কদমতলী থানার উপপরিদর্শক প্রদীপ কুমার কণ্ডু বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সোহেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত ২০১৭ সালের ১০ আগস্ট অভিযোগ আমলে নেন। সোহেলের বিরুদ্ধে ওই বছরের ১৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলায় রাষ্ট্রপক্ষ থেকে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়। পাঁচজন সাক্ষীর মধ্যে একজন পাবলিক সাক্ষী। বাকি চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
রায়ে আদালত আরও বলেন, বর্তমান সময়ে প্রায়ই দেখা যায়, স্থানীয় সাক্ষীরা প্রভাবিত হয়ে বা ভয়ে আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে উৎসাহিত হন না। অনেকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকেন। সাক্ষ্য দিলেও আসামিকে বাঁচানোর জন্য তথ্য গোপনের চেষ্টা করেন। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।
রাষ্ট্রপক্ষে ওই মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মঞ্জুর মাওলা চৌধুরী। আর আসামি পক্ষে মামলা পরিচালনা করেন শাহাজান সাথী।