কুমিল্লার হোমনা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে দড়িচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সমাবেশ হয়। এতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মালেক আফসারীর সভাপতিত্বে ইউএনও কাজী শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ছিলেন। সমাবেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিশুদের স্কুলমুখী করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আল-আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়া রানী দেবী প্রমুখ উপস্থিত ছিলেন।