আওয়ামী লীগের নেতা ও গাজীপুরের সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ১১ আসামিকে বেকসুর খালাসের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ২১ জুন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের বেকসুর খালাসের আদেশ আজ ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেন। আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।
১১ আসামি হলেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর (বাবা মেহের আলী) ও মনির।
গত ১৫ জুন হাইকোর্ট আহসানউল্লাহ মাস্টার হত্যার দায়ে ছয় আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। আসামিদের ডেথ রেফারেন্স, আপিলের ওপর শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। রায়ে আসামিদের মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড বহাল, আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ জনকে খালাস দেওয়া হয়। এ ছাড়া বিচার চলাকালে দুজন মারা যাওয়ায় তাঁদের আপিল নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।
২০০৪ সালের ৭ মে টঙ্গীতে জনসভায় গুলি ছুড়ে আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়।