
বৈশ্বিক স্টার্টআপ সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে সমপর্যায়ের এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ পিছিয়ে আছে। স্টার্টআপ ‘ইকোসিস্টেম’ নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘স্টার্টআপব্লিঙ্ক’–এর প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
ইসরায়েলভিত্তিক প্রতিষ্ঠান স্টার্টআপব্লিঙ্ক সম্প্রতি ‘গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স–২০২৩’ প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, তালিকায় থাকা এক শ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৯ তম এবং স্কোর দশমিক ৬২। গত বছর স্টার্টআপব্লিঙ্কের এই তালিকায় বাংলাদেশ ছিল ৮৫ তম।
বৈশ্বিক সূচকে বাংলাদেশের কিছুটা অগ্রগতি হলেও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১৮তম। এই অঞ্চলে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে শুধু কিরগিজস্তান।
স্টার্টআপ সেবাগুলোর মধ্যে বাংলাদেশে ওপরের দিকে রয়েছে পরিবহনভিত্তিক স্টার্টআপ। দক্ষিণ এশিয়ায় অবস্থান চতুর্থ। তবে এ ক্ষেত্রে তৃতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার চেয়ে দশমিক ০৮ শতাংশ পিছিয়ে বাংলাদেশ। আগামী বছর বাংলাদেশ শ্রীলঙ্কাকে ছাড়িয়ে যাবে বলে ইঙ্গিত স্টার্টআপব্লিঙ্কের।
স্টার্টআপব্লিঙ্ক স্টার্টআপ গড়ে ওঠার শহরগুলোরও তালিকা করে থাকে। বিশ্বের এক হাজার শহরের তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছে শুধু ঢাকা। কারণ দেশের স্টার্টআপগুলোর প্রায় সবই এই ঢাকাকেন্দ্রিক। ঢাকার অবস্থান ১১৫ তম। দক্ষিণ এশিয়ায় ভারতীয় শহরগুলোর আধিপত্য রয়েছে। ঢাকা আঞ্চলিকভাবে করাচি, কলকাতা ও লাহোরকে ছাড়িয়ে তালিকায় নবম স্থান অর্জন করেছে।
স্টার্টআপব্লিঙ্কের প্রতিবেদনে বাংলাদেশের স্টার্টআপ সম্পর্কে বলা হয়, ইন্টারনেট স্থিতিশীলতাসহ অবকাঠামোর উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। এর পাশাপাশি নীতি সহায়তা, করপোরেট উদ্যোগে মূলধনের ব্যবস্থা ও স্টার্টআপ বাড়াতে সংশ্লিষ্ট শিল্প খাত ও অ্যাকাডেমিয়া সহযোগিতাও প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম এশিয়ার মধ্যে সম্ভাবনাময়ী জায়গা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও প্রসারিত করতে আরও ব্র্যান্ডিং প্রয়োজন। স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়।
দেশীয় পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স দেশের স্টার্টআপ খাত নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রকাশ করে। তাদের চলতি বছরের প্রথম তিন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ৩৫ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের স্টার্টআপ খাত।
দেশে ১ হাজার ২০০টির বেশি সচল স্টার্টআপ আছে। করোনা মহামারির পর স্টার্টআপ খাতে কিছু প্রতিষ্ঠান বড় বিনিয়োগ পেয়েছিল। তবে গত বছরে সেই বিনিয়োগ কমে যায়। এ ছাড়াও বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির ধাক্কা বাংলাদেশের স্টার্টআপ খাতে প্রভাব ফেলেছে।