
জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল সোমবার। শেষ দিনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একজন আওয়ামী লীগের, তিনজন অন্য দলের। স্বতন্ত্র দুজন। আওয়ামী লীগ বাদে শেষ পর্যন্ত অন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকে কি না, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। ‘চাপ’ ও ‘লোভ’–এর বাজারে কতজন টিকে থাকেন, সেটাই ৫ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন স্পষ্ট হবে।
তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আসার আগেই কোনো কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থান ঘোষণা করছেন। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয় প্রার্থীর একজন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) যুগ্ম মহাসচিব কামাল পাশা। লড়াই থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন করার। আমরা বেচাকেনায় যাব না ইনশা আল্লাহ। ১০ বা ৫০ হাজার ভোট পাই, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব।’
এবারের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। তাঁর সঙ্গে অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব সেহাবউদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. ফরিদ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী ও খাদেমুল ইসলাম।
ইসলামী ফ্রন্টের সেহাবউদ্দিন চাপের কাছে নত হবেন না বলে জানিয়েছেন। বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে দলটির প্রার্থী ওবাইদুল হক হক্কানি গতবার নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনেও দলটির প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলম। কিন্তু চাপের মুখেই তিনি সেবার প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। সেহাবউদ্দিন বলেন, ‘এবার যত চাপই আসুক, নির্বাচন থেকে সরে দাঁড়াব না। আমরা নির্বাচন করার জন্যই মাঠে নেমেছি।’
তবে অন্য প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে দলের এবং নিজেদের অনড় অবস্থান জানালেও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ মো. ফরিদ উদ্দিন চাপ প্রসঙ্গে কিছুটা নরম সুরে কথা বললেন। তিনি বলেন, ‘নির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছি। বাকিটা সময় এবং পরিস্থিতি বিবেচনায় বলতে হবে।’
এদিকে দুই স্বতন্ত্র প্রার্থী মধ্যে একজন মীর মোহাম্মদ রমজান আলী। পেশায় তিনি একজন আইনজীবী। তিনি ফিরিঙ্গীবাজার এলাকার ভোটার। নির্বাচন করছেন চট্টগ্রাম–৮ আসনে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে সবাই সব জায়গায় নির্বাচন করতে পারে। আমি ১ শতাংশ ভোটারের সই জমা দিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি।’
গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এরপর গত ২২ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ, বাছাই ২৯ মার্চ এবং প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের চট্টগ্রাম–৮ আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯০টি। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন।