চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চের মিছিলে হামলা

হামলায় আহত গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য জাহেদুল আলম আল জাহেদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ১৮ জুলাই
ছবি: সংগৃহীত

চট্ট‍গ্রাম নগরে গণতন্ত্র মঞ্চের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের বিআরটিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের অদূরে বটতলী স্টেশনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছিল।

হামলায় আহত ব্যক্তিরা হলেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহেদুল আলম আল জাহেদ, যুগ্ম সমন্বয়কারী অপূর্ব দেবনাথ, চান্দগাঁও থানার সদস্যসচিব শেখ মঈনুল আজাদ, হোটেল শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. ইছহাক, সদস্য মো. সুমন, নাগরিক ঐক্যের সংগঠক স্বপন মজুমদার। তাৎক্ষণিকভাবে অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে জাহেদুল আলম ও শেখ মঈনুল আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ। তিনি প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচি ছিল। কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি থাকায় তাঁরা পদযাত্রা কর্মসূচির পরিবর্তে মিছিল করার সিদ্ধান্ত নেন। বিআরটিসি মার্কেট থেকে মিছিল নিয়ে দেওয়ানহাট যাওয়ার কথা ছিল।

মিছিল শুরু করতেই পেছন থেকে একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন হাসান মারুফ। তিনি বলেন, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের মারধর করেন। হামলাকারীদের চিনতে পারেননি তাঁরা। এই হামলায় ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।  তাঁদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানতে চাইলে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেলে নগর ছাত্রলীগের কোথাও কোনো কর্মসূচি ছিল না। সুতরাং বিআরটিসি মার্কেট এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই হামলার বিষয়টি অবান্তর।

আর চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) অতনু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, হামলার বিষয়ে কোনো অভিযোগ পাননি। তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের কর্মসূচির বিষয়ে আগে থেকে তাঁদের কেউ অবহিত করেননি। তারপরও হামলার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।