‘৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’

ওনাকে কি বাঁচানোর চেষ্টা করছেন, প্রশ্ন হাইকোর্টের

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের মো. রুবেল হত্যা মামলার অধিক তদন্তের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। অধিক তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপারের উদ্দেশে আদালত বলেছেন, যে তদন্ত করেছেন, তাঁকে (প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান) কি বাঁচানোর চেষ্টা করছেন?  

ওই মামলার অধিক তদন্তের প্রতিবেদনবিষয়ক শুনানিতে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার মো. কুদরত–ই–খুদার উদ্দেশে এ কথা বলেন।

শুনানি নিয়ে আদালত ২৫ জুলাই তদন্ত কর্মকর্তাকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছেন। লাশ উদ্ধার থেকে তদন্ত শেষে ৪২ ঘণ্টায় অভিযোগপত্র দেওয়ায় ওই হত্যা মামলাটি আলোচিত।

শুনানিকালে পুলিশ সুপার মো. কুদরত–ই–খুদার উদ্দেশে আদালত বলেন, জবানবন্দির জন্য উনি (মাসুদুর রহমান) আসামিকে আদালতে নিয়ে গেছেন বলে ম্যাজিস্ট্রেট উল্লেখ করেছেন। অথচ উনি (মাসুদুর) হাইকোর্ট এসে বলেছেন, ম্যাজিস্ট্রেটের সামনে আসামি নিয়ে যাননি। কোনটি সত্য? কোনটি বিশ্বাস করব?

‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’ শিরোনামে গত ২ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে মামলার নথি তলবের নির্দেশনা চেয়ে আসামি সোহেল ওরফে নুরুন্নবী ও বাদী চম্পা আক্তার ওরফে অঞ্জনা গত ৫ মার্চ হাইকোর্টে আবেদন করেন। সোহেল ও চম্পা সম্পর্কে খালাতো ভাই-বোন। আর নিহত রুবেল হলেন সোহেলের ভগ্নিপতি।

আবেদনের শুনানি নিয়ে গত ১৪ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমানকে কেস ডকেটসহ আদালতে হাজির হতে নির্দেশ দেন। কেস ডকেটসহ গত ৩ এপ্রিল তিনি আদালতে হাজির হন। সেদিন হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন। পুলিশ সুপারের নিচে নন—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এমন একজন কর্মকর্তা দিয়ে মামলাটি অধিক তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। অধিক তদন্তের সময় চারটি বিষয়ে পিবিআইকে তদন্ত করতে বলা হয়।

গত মে মাসে মামলাটি অধিক তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইয়ের ঢাকা জেলা পুলিশ সুপার মো. কুদরত–ই–খুদাকে। এর ধারাবাহিকতায় কেস ডকেট, অধিক তদন্তের প্রতিবেদনের (সম্পূরক অভিযোগপত্র) পাশাপাশি সারসংক্ষেপসংবলিত প্রতিবেদন নিয়ে পিবিআইয়ের পুলিশ সুপার আজ আদালতে হাজির হন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি শুনানি করেন। আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বাস্তবসম্মত নয় বলেন কীভাবে?
শুনানিতে অধিক তদন্তের সারসংক্ষেপসংবলিত প্রতিবেদনের মতামত অংশ তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। তখন ডায়াসে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন পিবিআইয়ের পুলিশ সুপার মো. কুদরত–ই–খুদা।

মতামত অংশে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামিকে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য উপস্থাপনের সময় এবং ঘটনাস্থলে মামলার তদন্তকারী কর্মকর্তার (মাসুদুর রহমান) ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় সাক্ষীদের জবানবন্দি রেকর্ডের সময় একই দেখানো হয়েছে, যা বাস্তবসম্মত নয়।        

এ সময় পিবিআইয়ের পুলিশ সুপারের উদ্দেশে আদালত বলেন, উনি (মাসুদুর) কোথায় ছিলেন, তা তদন্ত করে দেখতে বলা হয়েছিল। বাস্তবসম্মত নয় বলেন কীভাবে? উনি (মাসুদুর) কোথায় ছিলেন, তা বলেননি। কী প্রতিবেদন দিলেন? ম্যাজিস্ট্রেট বলেছেন আসামি নিয়ে উনি (মাসুদুর) আদালতে আসেন। উনি (মাসুদুর) বলেছেন আদালতে যাননি। ওনাকে (মাসুদুর) কি বাঁচানোর চেষ্টা করছেন?

একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি বলেন, বাঁচানোর চেষ্টা করলে তদন্তে মাসুদুর রহমানের ত্রুটিবিচ্যুতি সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করতেন না।

পুলিশ সুপার মো. কুদরত–ই–খুদার উদ্দেশে আদালত বলেন, ম্যাজিস্ট্রেটের কাছে জিজ্ঞাসা করেও জেনে নিতে পারতেন। কুদরত–ই–খুদা বলেন, জিজ্ঞাসাবাদের সময় এ প্রশ্ন করতে পারেননি। তখন আদালত বলেন, ওই মুহূর্তে উনি (মাসুদুর) কোথায় ছিলেন, তা তদন্ত করতে বলা হয়েছিল। কেন পারেননি? এটিই ইস্যু। যে কারণে তাঁকে (মাসুদুর) সাময়িক বরখাস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সুপারের উদ্দেশে আদালত বলেন, ওই সময় উনি (মাসুদুর) কোথায় ছিলেন—প্রতিবেদন দেবেন। আসামিকে জিজ্ঞাসা করবেন, ১৬৪ ধারায় কোথায় তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটেরও বক্তব্য নেবেন।

এদিকে হাইকোর্টের আদেশে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এ নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত গত ৬ এপ্রিল ওই অংশটুকু স্থগিত করেন। তবে হত্যা মামলাটি পিবিআইকে তদন্ত করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, তা বহাল থাকে।

২৪ ঘণ্টায় তদন্ত, আইনের বিধান অনুসরণ করেননি
মামলাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন পিবিআইয়ের ঢাকা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। ওই হত্যা মামলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের প্রথম কোনো হত্যা মামলার তদন্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তার (মাসুদুর) বক্তব্য ও তাঁর কেস ডকেট পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়, পূর্ববর্তী তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্তে আইনের প্রাসঙ্গিক বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করেননি এবং তদন্ত কার্যক্রম সঠিকভাবে কেস ডায়েরিতে লিপিবদ্ধ করেননি।

তৃতীয় কোনো পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে মাসুদুর রহমান বা তাঁর কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সোহেলকে এ মামলায় আসামি করার সত্যতা পাওয়া যায়নি বলে মতামত অংশে উল্লেখ করেছেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।