মেরাদিয়ায় ছিনতাইকারীদের ব্লেডের আঘাতে দুই বন্ধু আহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর মেরাদিয়ায় বুধবার বিকেলে ছিনতাইকারীর ব্লেডের আঘাতে দুই যুবক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকেরা হলেন তাওহিদুল রহিম (২৮) এবং তাঁর বন্ধু আজিজ আল মামুন (২৮)।  

আহত আজিজের ভাই লিমন কাজী হাসপাতালে প্রথম আলোকে বলেন, বুধবার দুপুরে তাওহিদুল মেরাদিয়ায় তাঁদের বাসায় এসেছিলেন। সেখান বেলা সাড়ে তিনটার দিকে দুই বন্ধু রিকশায় করে খিলগাঁও যাওয়ার সময় মেরাদিয়ার বাসপট্টি এলাকায় তিন যুবক তাঁদের রিকশার গতিরোধ করে তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালান।

মুঠোফোন ছিনিয়ে নিতে না পেরে পকেট থেকে ব্লেড বের করে তাওহিদুলের বাঁ হাতে ও আজিজের পিঠে আঘাত করে পালিয়ে যান। প্রথমে তাঁরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নেন।

বুধবার রাতে যোগাযোগ করা হলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি জানেন না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।