সাতকানিয়ায় গুলিবর্ষণ মামলা

সংসদ সদস্যের শ্যালকসহ ৯ জনকে বাদ, পুলিশের অভিযোগপত্র নেননি আদালত

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষকের ওপর গুলি করার মামলায় সাতকানিয়া–লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর শ্যালক মো. রুহুল্লাহ চৌধুরীসহ ৯ জনকে বাদ দেওয়ায় মামলার অভিযোগপত্র গ্রহণ করেননি আদালত।

বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন শুনানি শেষে রোববার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ প্রথম আলোকে বলেন, বাদীর নারাজি আবেদন গ্রহণ করে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে কৃষকদের জমিতে বালু রাখার জন্য পাইপ স্থাপন করা হচ্ছিল। কৃষকেরা এ কাজে বাধা দেন। এতে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর শ্যালক মো. রুহুল্লাহ চৌধুরীসহ কয়েকজনের সঙ্গে সংঘর্ষ হয় কৃষকদের। সংঘর্ষে অন্তত সাতজন গুলিবিদ্ধ এবং বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ আবদুল মালেক সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এতে ১৬ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে সাতকানিয়া থানা–পুলিশ গত সপ্তাহে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সংসদ সদস্যের শ্যালকসহ ৯ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে।