বেতন পাওয়ার আশ্বাসে বাড়ি ফিরলেন শ্রমিকেরা

বকেয়া বেতন আদায় করে দিতে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সিটি মেয়রের বাসভবনের সামনের সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকের
ফাইল ছবি: প্রথম আলো

আগামী ২৫ তারিখ বেতন পাওয়ার আশ্বাসে অবরোধ তুলে বাড়ি ফিরে গেছেন ডায়নামিক ফাইভ নিটওয়্যার লিমিটেড নামের কারখানাটির শ্রমিকেরা। বকেয়া বেতন আদায় করে দেওয়ার দাবিতে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সিটি মেয়রের বাসভবনের সামনের সড়ক চার ঘণ্টা অবরোধ করেছিলেন তাঁরা। পরে মেয়রের পক্ষ থেকে পাঁচজন কাউন্সিলর তাঁদের আশ্বাস দেন। অথচ আজ মালিকপক্ষের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের কেউ আসেননি।

এই শ্রমিকদের অভিযোগ তাঁদের তিন থেকে পাঁচ মাসের বেতন বকেয়া রেখেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

ডায়নামিক ফাইভ নিটওয়্যার লিমিটেড নামের এই কারখানা বহদ্দারহাট এলাকায় শাহ আমানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অবস্থিত। সেখান থেকে চার–পাঁচ কিলোমিটার দূরে বহদ্দারহাট এলাকায় মেয়রের বাসভবনটি অবস্থিত।

আজ দুপুর সাড়ে ১২টা থেকে বহদ্দারহাট এলাকায় শাহ আমানত সেতুর সংযোগ সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ও বসে অবস্থান নেন অন্তত দেড় শ শ্রমিক। তাঁদের সবার দাবি বকেয়া বেতন পরিশোধ না করলে তাঁরা সড়ক থেকে উঠবেন না। তাঁদের অনেকের ঘরভাড়া বকেয়া, অনেক টাকা ঋণ হয়েছে বেতনের কারণে।

অবস্থানরত শ্রমিকদের সঙ্গে দুপুরে কথা বলে জানা যায়, এর আগেও কয়েকবার বেতনের দাবি জানিয়ে বেতন পাননি তাঁরা। চলতি মাসের ১৫ তারিখ, অর্থাৎ আজ তাঁদের বেতন দেওয়া হবে বলে মালিকপক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা না হওয়ায় তাঁরা অবস্থান নিয়েছেন। এখন তাঁরা মেয়রের মাধ্যমে এর সমাধান চান।

পোশাকশ্রমিক জান্নাত বেগম বলেন, গত চার মাসের বেতন বকেয়া তাঁর। বারবার আশ্বাস দিয়েও বেতন দেওয়া হয়নি। এমনকি ঈদেও কোনো বোনাস পাননি তাঁরা। রমজান মাসে মেয়র বরাবর অভিযোগ করেছিলেন। মেয়রের সুপারিশে তিন হাজার টাকা করে পেয়েছিলেন তাঁরা।

আরেক শ্রমিক মোহাম্মদ জিশান বলেন, এর আগে মেয়রের সুপারিশে তিন হাজার টাকা দেওয়া হয়েছিল মাত্র। এরপর মালিকপক্ষ আর যোগাযোগ করেনি। শ্রম আদালতে গিয়েও কার্যকর সমাধান মেলেনি।

এ সময় গরমে জ্ঞান হারান শ্রমিক নিপা আক্তার। তাঁর পাশে থাকা লিমা বেগম বলেন, সকাল নয়টার দিকে বেতনের দাবিতে মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরা। কিন্তু তখন তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। ঘরভাড়া বকেয়ার কারণে নিপা আক্তারকে ঘর ছাড়তে হয়েছে।

বেলা একটার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, সড়কে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে, সে জন্য শ্রমিকদের বুঝিয়ে এক পাশে সরিয়ে আনা হয়। এরপর তাঁরা মেয়রের বাসার সামনের অংশের সড়কে অবস্থান নেন। ফলে সড়কের অন্য পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকে।

এই প্রতিবেদক মালিকপক্ষকে বেশ কয়েকবার ফোন করে তা বন্ধ পেয়েছেন। মেয়র রেজাউল করিম চৌধুরীকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। পুলিশের পক্ষ থেকেও মালিকপক্ষকে ফোন করে বন্ধ পাওয়া যায়। ওসি জানান, অন্যভাবে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এদিকে সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন পোশাকশ্রমিক জানান, তাঁরা বিকেল চারটার দিকে সড়ক থেকে সরে এসে মেয়রের বাসভবনের সামনে ফুটপাতে অবস্থান নেন। পরে মেয়রের পক্ষ থেকে পাঁচজন কাউন্সিলর তাঁদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

পাঁচ কাউন্সিলরের মধ্যে একজন পূর্ব ষোলোশহর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। ২০০ শ্রমিকের আনুমানিক ৫০ লাখ টাকা বকেয়া আছে। বকেয়া বেতন পরিশোধের জন্য পোশাক কারখানার পাঁচ মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে। আগামী ২৫ তারিখ বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তাঁরা সড়ক ছেড়ে বাড়ি ফিরে গেছেন।